আগামী ২৩ রমজানের মধ্যে বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবিতে মুন্সিগঞ্জে বিক্ষোভ করেছেন নৌযান শ্রমিকরা। এ সময় বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম কিবরিয়া মিজির বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকায় প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন বালিবাহী বাল্কহেড, লাইটার জাহাজ ও যাত্রীবাহী লঞ্চসহ বিভিন্ন নৌজানের শ্রমিক ও কর্মচারীরা।

বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে নৌযান শ্রমিকদের বেতন ভাতা বন্ধ রয়েছে। পরিবার দুর্বিষহ সময় কাটছে তাদের। ঈদের আগে নৌযান শ্রমিকদের গেজেট অনুযায়ী বকেয়া বেতন পরিশোধ করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। পরে শ্রমিক নেতা গোলাম কিবরিয়া মিজির বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে ঘাট এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবু ইলিয়াস শান্ত হত্যা মামলা থেকে কিবরিয়া মিজির নাম প্রত্যাহারের দাবি জানানো হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মজিবুর রহমান, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. সবুজ শিকদার, বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন মুন্সিগঞ্জ জেলার সভাপতি মো. তাইজুল ইসলাম বাদশা প্রমুখ।