তেজগাঁওয়ে রাস্তা দখল করে যত্রতত্র ট্রাক রাখা স্থায়ীভাবে বন্ধ হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, তেজগাঁও এলাকায় বিপুল সংখ্যক ট্রাক রাস্তা দখল করে রাখে। আমি এলে চলে যায়, আমি চলে গেলে আবার আসে। অনেকটা টম অ্যান্ড জেরির মতো। এ সমস্যা সমাধানের জন্য আমরা প্রধানমন্ত্রীর নিকট থেকে এরই মধ্যে জমি পেয়েছি। তেজগাঁওয়ে বিটিসিএল এবং গৃহায়ণ কর্তৃপক্ষের প্রায় ১৫ বিঘা জমি ডিএনসিসিকে দেয়া হয়েছে। আমরা দ্রুতই সেখানে একটি আধুনিক ট্রাক স্ট্যান্ড নির্মাণ করব।
বুধবার (১৯ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা’ শীর্ষক সংবাদচিত্র প্রদর্শনী পরিদর্শন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ সংবাদচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম পুরো প্রদর্শনী ঘুরে দেখেন।
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাসুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য, সাকুর হোসেন সাকু, হাবিবুর রহমান হাবিব এবং দপ্তর সম্পাদক আরমান হোসেন অপু প্রমুখ।










