গাজীপুরের পূবাইলে একটি প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের বসুগাঁও এলাকায় সাজন ফিলিং স্টেশন সংলগ্ন দিশারী প্যাকেজিং কারখানায় আগুনের সূত্রপাত হয়।
স্থানীয়রা জানান, বিকালে কারখানা থেকে ধোঁয়া দেখে শ্রমিক ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশন থেকে প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে গাজীপুর ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরো দুটি ইউনিট যোগ দেয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গাজীপুরের উপসহকারী পরিচালক মো. মামুন জানান, সম্মিলিত প্রচেষ্টায় বিকাল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।










