পটুয়াখালীর কলাপাড়ায় আরপিসিএল ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের হামলায় নিরাপত্তাকর্মীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় ভাংচুর করা হয়েছে অফিসসহ একাধিক যানবাহন। মূলত বেতন-ভাতা নিয়ে শ্রমিক অসন্তোষের কারণে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে শ্রমিক ওবায়দুল, শাহীন মোল্লা, নিরাপত্তাকর্মী রাকিবুল ও জিদানকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেতন-ভাতা নিয়ে গতকাল সকালে দফায় দফায় বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এ সময় তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত পুলিশ ও নিরাপত্তাকর্মীরা বাধা দিলে শ্রকিমকরা তাদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে চীনাদের অফিস ভাঙচুর করে। পরে কলাপাড়া থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। শ্রমিকদের সঙ্গে দুই পক্ষের সমঝোতায় আলোচনা হয়েছে। আহতদের পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে।