গাজীপুরের শ্রীপুরে সাতখামাইর রেলস্টেশনে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ার আড়াই ঘণ্টা পর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এর ফলে ওই রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকা থেকে বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে এনে বিকল ইঞ্জিনটিকে শ্রীপুর স্টেশনে নেয়া হয়।

যাত্রীরা জানান, আজ বিকাল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ থেকে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেন শ্রীপুরের কাওরাইদ রেল স্টেশনে প্রবেশ করে। স্টেশন ছাড়ার মুহূর্তেই ট্রেনের ইঞ্জিনে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। এর পরই ট্রেনের গতি কমে আসে এবং ইঞ্জিনের মবিল বাইরে পড়তে থাকে।

শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মো. শামীম জানান, ইঞ্জিন বিকল হওয়ার পরপরই আশপাশের কয়েকটি স্টেশনে ট্রেনগুলোকে যাত্রাবিরতি দিতে হয়। পরিস্থিতি সামাল দিতে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে ঢাকা থেকে বিকল্প ইঞ্জিন এনে বিকল ইঞ্জিনটিকে টেনে শ্রীপুর স্টেশনে আনা হয়। জরুরি মেরামতকাজ শেষ করে সোয়া ৭টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়।