নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম  এ ঘটনার জন্য কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলিকে দায়ী করছেন।

সংঘর্ষের খবর পেয়ে নারায়ণগঞ্জ-গ অঞ্চলের সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজী, রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম, ভোলাবো পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব হোসেন ঘটনাস্থল পরির্দশন করেন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি বলেন, কাঞ্চন পৌরসভায় সন্ত্রাসী হামলা ও পৌরসভার কর্মচারীসহ যুবলীগের কিছু নেতাকর্মীকে পিটিয়ে এবং কুপিয়ে আহত করার খবর পেয়ে আমরা তাত্ক্ষণিক ঘটনাস্থলে চলে যাই। এ ঘটনায় একটি মামলা হয়েছে।