কুষ্টিয়ার ভেড়ামারায় হামলায় আহত পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সঞ্জয় প্রামাণিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম।
সঞ্জয় প্রামাণিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় আওয়ামী লীগ ও তাদের সংগঠনের নেতাকর্মীরা। এরই মধ্যে বাজারের সব দোকানপাট বন্ধ করে দিয়েছে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবিতে কুষ্টিয়া-দৌলতপুর আঞ্চলিক সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরজুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
এর আগে গত বুধবার (২ আগস্ট) কুষ্টিয়ার ভেড়ামারায় জাসদ নেতার গুলিতে পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সঞ্জয় প্রামাণিক আহত হওয়ার অভিযোগ করে তার পরিবার। এ ঘটনায় প্রথমে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। হামলার ঘটনায় মৌখিক অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযুক্ত জাসদ যুবজোটের জেলা ক্রীড়াবিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান শোভনকে আটক করে পুলিশ।
শুক্রবার (৪ আগস্ট ) তার স্ত্রী বিথী রানী বাদী হয়ে জাসদ যুবজোটের জেলা ক্রীড়াবিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান শোভনসহ ১৪ জনের নামে উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ১০/১২ জনকে আসামি করে ভেড়ামারা থানায় মামলা করেন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জহিরুল ইসলাম জানান, বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মামলার উদ্বৃতি দিয়ে ওসি আরো জানান, স্থানীয় একটি মন্দিরের কমিটি গঠন নিয়ে গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে ভেড়ামারা শহরের গোডাউন মোড় এলাকায় জাসদ যুবজোটের জেলা ক্রীড়া বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান শোভনের নেতৃত্বে ২৫/৩০ জন ভেড়ামারা পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সঞ্জয় প্রামাণিকের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয়। তার পায়ে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করারও অভিযোগ ওঠে। হামলায় সঞ্জয়ের সঙ্গে থাকা বেলাল ও শ্যামল নামে আরো দুই স্বেচ্ছাসেবক লীগ কর্মী আহত হন। ঘটনায় মুস্তাফিজুর রহমান শোভনসহ ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ১০/১২ জনকে আসামি করে ভেড়ামারা থানায় মামলা করেন সঞ্জয় প্রামাণিকের স্ত্রী বিথী প্রামানিক। সেদিন রাতেই শোভনকে আটক করে পুলিশ।










