মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতি ইস্যুতে কোনো হঠকারী সিদ্ধান্ত নেয়া যাবে না। সবকিছু সাংবিধানিক নিয়মে করতে হবে। রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে বিস্তারিত জানানো হবে।
এ সময় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচনকেন্দ্রীক সংস্কার করে নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে। অভ্যুত্থানের ফসল যাতে নষ্ট না হয় সেজন্য জাতীয় ঐক্য প্রয়োজন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে কয়েকদিন ধরে আন্দোলন চললেও এখনো সে বিষয়ে সিদ্ধান্ত নেয়নি সরকার। গতকাল বিষয়টি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতারা বিএনপির সঙ্গে বৈঠকে বসে। তবে দলটির শীর্ষ নেতারা তাদের সিদ্ধান্তের কথা জানাননি। রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত জানানোর কথা বলেছেন বিএনপি নেতারা।









