কোরবানির পশুবাহী গাড়ি থেকে অর্থ আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অপরাধে জড়ালে পুলিশ সদস্যদের ছাড় নেই বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, ‘বলেন, বাংলাদেশ পুলিশের কোনো সদস্য কোনো ধরনের অপরাধে জড়িত থাকলে কোনো ছাড় নেই। এক্ষেত্রে বাংলাদেশ পুলিশের অবস্থান জিরো টলারেন্স।’ গতকাল পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
এদিকে কোরবানির পশুবাহী গাড়ি থেকে পুলিশ সদস্যদের টাকা নেয়ার ঘটনা তদন্তে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপারকে (ক্রাইম) প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান আইজিপি। তিনি বলেন, ‘কারো বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কারো বিরুদ্ধে কোরবানির পশুর হাটে চাঁদাবাজি অথবা কাউকে হয়রানির অভিযোগ পাওয়া গেলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছে। অপরাধী যে-ই হোক তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
গত বৃহস্পতিবার কোরবানির পশুবাহী গাড়ি থেকে পুলিশ সদস্যের অর্থ আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে রূপগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) শেখ নজরুল ইসলাম, নারায়ণগঞ্জ পুলিশ লাইনসের এসআই (সশস্ত্র) মো. আসাদুজ্জামান, কনস্টেবল মো. নাজির শেখ, যুগল মণ্ডল ও তানভীর হোসেন আকাশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।










