চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগরের বটতলী এলাকায় সেনাবাহিনীর অভিযানে ভারী অস্ত্রসহ পাঁচ সন্ত্রাসী আটক হয়েছে। সেনাবাহিনীর খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের সদস্যরা গতকাল ভোর ৪টার দিকে এ অভিযান চালান। বটতলী এলাকাটি চট্টগ্রামের ফটিকছড়িতে হলেও এটি খাগড়াছড়ির মানিকছড়ির সীমানাসংলগ্ন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের টহল দল ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরের বটতলীতে রমজান আলী নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। অভিযানে পাঁচজনকে আটক করা হয়। এ সময় ওই বাড়িতে তল্লাশি চালিয়ে চারটি মর্টার, একটি একে ৪৭ রাইফেল, একটি এম ওয়ান রাইফেল, একটি একে-২২ রাইফেল, একটি চীনা পিস্তল, একটি এলজি লং ব্যারেল রাইফেল, একটি এলজি শর্ট ব্যারেল রাইফেল, দুটি ওয়াকিটকি, মাইন তৈরির সরঞ্জাম, ভারতীয় রুপি, গোলাবারুদ, বিপুল পরিমাণ আইইডি সরঞ্জাম ও ইউনিফর্ম উদ্ধার করা হয়।

নিরাপত্তা বাহিনীর দাবি, আটককৃতরা বাড়ির মালিককে জিম্মি করে এলাকায় সন্ত্রাসী তৎপরতা চালিয়ে আসছিল। তারা ‘মগ পার্টির’ সক্রিয় সদস্য বলে জানায় সূত্রটি। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। পরে তাদের ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়।