রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের মধ্যে আবারো সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সায়েন্স ল্যাব মোড়সংলগ্ন গ্রিন রোডের দক্ষিণ প্রান্তে এ ঘটনা ঘটে। এতে কিছু সময়ের জন্য সায়েন্স ল্যাব মোড় দিয়ে গণপরিবহনসহ যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

দুপুরের দিকে সায়েন্স ল্যাব মোড়ে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে শুরু হওয়া সংঘর্ষের কথা জানান স্থানীয় এক রিকশাচালক। তিনি বলেন, সেখানে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে ঢাকা মহানগর পুলিশের নিউমার্কেট অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার শওকত আলী ঘটনাটিকে সামান্য উত্তেজনা হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, বড় ধরনের কোনো সংঘর্ষ হয়নি। ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী আইডিয়াল কলেজের দিকে যেতে চাইলে উত্তেজনার সৃষ্টি হয়, যা দ্রুত প্রশমিত করা সম্ভব হয়েছে।

ঘটনার বিষয়ে ঢাকা কলেজের এক শিক্ষার্থী জানান, বেলা সাড়ে ১১টার দিকে তাদের একটি বাস সায়েন্স ল্যাব এলাকা অতিক্রম করার সময় ল্যাবএইড হাসপাতালের সামনে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে বাসটির জানালার কাচ ভেঙে যায়। এই খবর পেয়ে দুপুর ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের দিকে যান। পরে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের হামলায় ঢাকা কলেজের তিন শিক্ষার্থী আহত হন বলে দাবি করেন তিনি।

অন্যদিকে আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী অভিযোগ করেন যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কোনো কারণ ছাড়াই তাদের ওপর হামলা চালাতে এসেছিলেন। এই হামলায় তাদের অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।

উল্লেখ্য, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিবাদে জড়ানোর ইতিহাস নতুন নয়। গত বছরও অন্তত ১৫ বার তারা বিভিন্ন ঘটনায় সংঘর্ষে লিপ্ত হন। যদিও গত বছরের ৯ নভেম্বর নিউমার্কেট থানা-পুলিশের মধ্যস্থতায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিবাদ এড়িয়ে চলার একটি মৌখিক শান্তিচুক্তি অনুষ্ঠিত হয়েছিল।