সড়ক দুর্ঘটনায় পাঁচ জেলায় সাতজনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে তিনজন এবং গাজীপুর, বগুড়া, নওগাঁ ও চুয়াডাঙ্গায় একজন করে নিহত হয়েছেন। গতকাল দিনের বিভিন্ন সময় ও আগের দিন রাতে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী কুতুবখালী এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় আবুল কালাম (৪২) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালামের মেয়ে সুমি আক্তার জানান, তার বাবা ভ্যান নিয়ে কুতুবখালী সরকারি দিগুখান প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ কাভার্ড ভ্যানের ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেয়া হলে তিনি মারা যান। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা থানার শ্যামলীবাগ গ্রামে।
এছাড়া বনানীর কাকলীতে মোটরসাইকেলের ধাক্কায় মো. শাজাহান তালুকদার (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শাজাহান তালুকদার মুন্সিগঞ্জের সিরাজদিখান থানা এলাকার ওয়াজেদ খানের ছেলে। তিনি গেন্ডারিয়া এলাকায় থাকতেন।
অন্যদিকে রাজধানীর মোহাম্মদপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাবার সঙ্গে মোটরসাইকেলে থাকা এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর ভাই ও বাবা আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। আহত অন্য শিশুটির অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে মোহাম্মদপুরের তিন রাস্তা ময়ূরী ভিলার সামনে এ দুর্ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থানার এসআই শফিউল আলম জানান, দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন আব্দুল হাই লিটন। ময়ূরী ভিলার সামনে পৌঁছালে একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটির ওপর উঠে যায়। ঘটনাস্থলেই মারা যায় আব্দুলাহ মাহমুদ রিফাত (১১)। আহত বাবা ও মোটরসাইকেলে থাকা অন্য শিশু ফাহাদকে (১৪) হাসপাতালে পাঠানো হয়েছে। ফাহাদের অবস্থা আশঙ্কাজনক।
গাজীপুর: জেলার শ্রীপুরে কাভার্ড ভ্যানচাপায় দুলাল হোসেন (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার মাওনা পল্লী বিদ্যুৎ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুলাল হোসেন দিনাজপুর জেলার মোড়ালিপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। তিনি মাওনা চৌরাস্তায় খোলাবাজারে সবজি বিক্রি করতেন।
মাওনা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মাহমুদ মোর্শেদ জানান, রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানচাপায় দুলাল হোসেন মারা গেছেন। কাভার্ড ভ্যান জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।
বগুড়া: জেলার সারিয়াকান্দিতে ভটভটির ধাক্কায় জাবেদ আলী প্রামাণিক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সকাল ৮টার দিকে উপজেলা সদরের টিপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জাবেদ আলী উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের চর রামনগর গ্রামের মৃত আবদুস ছাত্তার প্রামাণিকের ছেলে। তিনি কৃষিকাজ করেন।
নওগাঁ: মহাদেবপুরে ট্রাকচাপায় আব্দুল মান্নান নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বোন। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে ছাতড়া-মহাদেবপুর সড়কের মহাদেবপুর উপজেলার ডিমজাউন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান উপজেলার ছাতড়া জিনপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
চুয়াডাঙ্গা: জীবননগর উপজেলার উথলী গ্রামে বাসচাপায় নূরনবী (১৭) নামে এক প্রতিবন্ধী কিশোর নিহত হয়েছেন। গতকাল বিকাল পৌনে ৫টার দিকে আমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নূরনবী একই উপজেলার সিংনগর গ্রামের মসজিদ পাড়ার হাসেম আলীর ছেলে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। জীবননগর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।









