ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আজ বুধবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঘুর্ণিঝড় ‘দানা’ মোকাবেলা করার লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় উপকূলীয় জেলাগুলোর জেলা প্রশাসকদের সঙ্গে ঘূর্ণিঝড় প্রস্তুতি সম্পর্কে আলোচনা করেছে এবং সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। সৃষ্ট ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবেলায় স্ট্যান্ডিং অর্ডারস অন ডিজাস্টার (এসওডি) অনুযায়ী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন উপকূলীয় জেলার জেলা প্রশাসকরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বুধবার জেলা প্রশাসকরা স্ব-স্ব সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা করেছেন মর্মে অবহিত করেছেন। ঘূর্ণিঝড় মোকাবেলায় পূর্ব প্রস্তুতি হিসেবে মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং প্রস্তুত রাখা হয়েছে সিপিপি ও রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের। এছাড়াও ঘূর্ণিঝড় মোকাবেলায় আগাম যেসব কার্যক্রম নেয়া দরকার সেগুলো গ্রহণ করা হয়েছে।

এরই মধ্যে উপজেলা প্রশাসনকে ঘূর্ণিঝড় সংক্রান্ত যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়েছে।