মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দুর্গাপূজায় সৌজন্যবোধ ও অনুরোধের কারণে এ বছর ভারতে ১২শ টন ইলিশ রফতানির অনুমোদন দেয়া হয়েছে। এটি গত বছরের তুলনায় অর্ধেকেরও কম।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগ, বেসরকারি প্রতিষ্ঠান, নারী কৃষক ও স্থানীয় এনজিও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মৎস্য উপদেষ্টা বলেন, প্রবাসী বাঙালিদের দাবির প্রেক্ষিতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ১১ হাজার টন ইলিশ পাঠানোর অনুমোদন দেয়া হয়েছে। তবে এ বছর জাটকা নিধনের কারণে ইলিশের উৎপাদন কম হওয়ায় বাজারে সরবরাহও কমেছে। এ পরিস্থিতিতে চলতি মাসেই দেশের কিছু এলাকায় সাশ্রয়ী মূল্যে ইলিশ বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে।

ফরিদা আখতার আরো বলেন, গবাদিপশুকে এলএসডি মুক্ত করতে সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জসহ চারটি জেলা সম্পূর্ণভাবে ভ্যাকসিনের আওতায় আনা হবে।

আলোচনা সভায় কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ, সিভিল সার্জন স্বপন কুমার বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা মোক্তাদির খান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারণের অতিরিক্ত উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানাসহ বিভিন্ন প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।