চাঁপাইনবাবগঞ্জে ফজলি আমকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মুনিম উদ দৌলা চৌধুরী, বিশিষ্ট গবেষক ও কলাম লেখক জাহাঙ্গীর সেলিম, ম্যাংগো ফাউন্ডেশনের সদস্য-সচিব আহসান হাবিব, চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম, চেম্বারের পরিচালক মো. শহিদুল ইসলাম, সুজনের সভাপতি আসলাম কবির, শিবগঞ্জ ম্যাংগো প্রডিউসার কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক ইসমাইল খান শামীম প্রমুখ।
বক্তারা বলেন, প্রাকৃতিকভাবে রাজশাহীর চেয়ে ইতিহাস-ঐতিহ্য, উৎস, দৃষ্টিকোণ, উৎপাদনের পরিমাণ ও নানা দিক দিয়ে চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম এগিয়ে। সবদিক দিয়েই রাজশাহী নয়, চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম জিআই পণ্য হিসেবে স্বীকৃতির দাবিদার।
তাই এ বিষয়ে গভীর বিশ্লেষণ করে রাজশাহী বাদ দিয়ে চাঁপাইনবাবগঞ্জের ফজলি আমকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতির দাবি জানান বক্তারা।
শেষে চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রদান করেন আন্দোলনকারীরা।










