পটুয়াখালীর দশমিনা উপজেলার পাতারচর এলাকায় তেঁতুলিয়া নদীতে ঝড়ের কবলে পড়ে বরযাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ চারজনের মরদেহ গতকাল উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এর মধ্য দিয়ে এ ঘটনায় উদ্ধার অভিযান শেষ করেছেন সংস্থাটি। পটুয়াখালী নৌ-ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. রেজওয়ান আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ৭টার দিকে নদীর ঘটনাস্থল থেকে ১৫ কিলোমিটার দক্ষিণে বদনাতলীচর এলাকা থেকে বর রাব্বি হাওলাদার (২৫) ও তার মা সেলিনা বেগমের (৪০) মরদেহ উদ্ধার করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে বরের ফুফাতো বোন খাদিজা বেগম (৮) ও বেলা ২টার দিকে কনের ছোট বোন মারিয়া আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার বিকালে ঘটনার পর পরই বরের ফুফু লিপি বেগমের ভাসমান মরদেহ উদ্ধার করেন জেলেরা।

শুক্রবার দুপুরে উপজেলার আউলিয়াপুর গ্রামের মনির হাওলাদারের ছেলে রাব্বির সঙ্গে উত্তর শাহজালাল গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে সুমাইয়ার বিয়ে হয়। বিকালে ফেরার পথে তেঁতুলিয়া নদীতে ঝড়ের কবলে পড়ে বরযাত্রীবাহী ট্রলারটি।