নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, শিডিউল ঘোষণা হয়ে গেছে, ৭ তারিখে নির্বাচন। এই শিডিউল পরিবর্তন করার ইচ্ছা আমাদের নেই। তবে যদি বিএনপি নির্বাচনে আসতে চায় সেক্ষেত্রে আমরা বিষয়টি বিবেচনা করে দেখব।
সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুরে জেলার রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ মন্তব্য করেন। এদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসকের কনফারেন্স রুমে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার শাহজাহানসহ রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










