খুলনার রূপসা নদীতে সারবোঝাই একটি কার্গো ডুবে গেছে। এ ঘটনায় জাহাজে থাকা ১৩ জনের মধ্যে দুজন নিখোঁজ রয়েছেন। রূপসা রেল সেতুর পিলারে ধাক্কা লেগে গতকাল দুপুরে কার্গোটি ডুবে যায়।

রূপসা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরুল ইসলাম শেখ জানান, গতকাল বেলা ১১টার দিকে নদীতে মধ্য জোয়ার ছিল। কার্গোটি ধীরে ধীরে রেল সেতুর দিকে আসছিল। সেতুর পূর্ব পাড় থেকে ২ নম্বর পিলারের সঙ্গে কার্গোর ধাক্কা লাগে। এরপর সেটি একটু ঘুরে গিয়ে নদীতে ডুবে যায়। সর্বোচ্চ ৫ মিনিটের মধ্যে ঘটনাটি ঘটে। ওই সময় কার্গো থেকে নদীতে ঝাঁপিয়ে পড়া ১১ জনকে একটি নৌকায় তোলা হয়। রূপসা থানা পুলিশ ও কোস্টগার্ডের তিনটি টিম নৌযান নিয়ে তল্লাশি অভিযান শুরু করেছে। তবে নদীতে জোয়ার থাকায় ডুবে যাওয়া কার্গো জাহাজটির অবস্থান শনাক্ত করা যায়নি।

কার্গো জাহাজের মাস্টার মো. শহীদুল্লাহ জানান, এমভি থ্রি লাইট-১ নামের কার্গো জাহাজটি মোংলা বন্দরের হারবারিয়া এলাকা থেকে ১ হাজার ১৪০ টন টিএসপি নিয়ে নওয়াপাড়ার দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটি রেল সেতুর পিলারে ধাক্কা লাগে। জাহাজে থাকা ১৩ জনের মধ্যে ১১ জন সাঁতরে তীরে উঠেছেন। তবে বাবুর্চি কালাম ও গ্রিজার শাকায়েত নিখোঁজ রয়েছেন।