সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৩৫ জন। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯০৬ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৪৫৫ জনের। এর মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬৭৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ হাজার ৭৭৩ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে ৭২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৭৫, বরিশালে ১৪৩, খুলনায় ১৬১, রাজশাহীতে ১০৪, ময়মনসিংহে ৮৮ এবং রংপুরে ৪৩ জন ভর্তি হয়েছেন। সিলেট বিভাগে এ সময়ে নতুন কোনো রোগী হাসপাতালে ভর্তি হননি।










