কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবু আহাদ আল-মামুনকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। গতকাল সকালে আবু আহাদ বাদী হয়ে ১১ জনের নামে থানায় মামলা করেন। মামলায় পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কিশোর কুমার ঘোষ জগৎকে প্রধান আসামি করা হয়েছে। তবে ঘটনার পর থেকেই তিনি পলাতক।

এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের চরমিলপাড়ার রেজাউল করিম (৩৫), শহীদ (৩৩) ও গিরিশ শাহিম (৩২। তারা স্থানীয় কাউন্সিলর কিশোর কুমার ঘোষ জগতের সমর্থক।

অভিযোগ রয়েছে, গত সোমবার রাত ৮টার দিকে ওয়ার্ড কাউন্সিলর কিশোর কুমার ঘোষের নেতৃত্বে তার সমর্থকরা আবু আহাদকে মারধর ও অপহরণের চেষ্টা করেন। আহতাবস্থায় তাকে রাতেই কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

৮ মে প্রথম ধাপে অনুষ্ঠিত কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচনে আবু আহাদ মোটরসাইকেল প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান আতা। তিনি আনারস প্রতীক নিয়ে লড়ছেন।

প্রার্থী আবু আহাদ আল-মামুন জানান, হামলাকারীরা তার মাথা, বুক ও পিঠে আঘাত করেছে। তবে তিনি দাবি করেন, আতাউর রহমান আতার বিরুদ্ধে নির্বাচন করার কারণেই হামলা হয়েছে।

এ বিষয়ে বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান আতা জানান, যারা হামলার ঘটনা ঘটিয়েছে তারা সন্ত্রাসী, তাদের কোনো দল নেই। তবে তারা কেউই তার সঙ্গে রাজনীতি করে না।

কুষ্টিয়া মডেল থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, ১১ জনের নামে মামলা হয়েছে। তবে প্রধান আসামি পলাতক। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাতেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।