চার বছর পর আবারো মুন্সিগঞ্জ-গজারিয়া নৌ-রুটে চালু হলো ফেরি সার্ভিস। প্রথম যাত্রায় চারটি যানবাহন ও যাত্রী নিয়ে ফেরি স্বর্ণচাপা গজারিয়া থেকে মেঘনা নদী পাড়ি দিয়ে মুন্সিগঞ্জ আসে। গতকাল দুপুরে গজারিয়া উপজেলার কাজিপুরা ফেরিঘাট এলাকায় দ্বিতীয়বারের মতো ফেরি সার্ভিসটির উদ্বোধন করেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস ও বিআইডব্লিউটিসির পরিচালক মো. রাসেদুল ইসলাম।
২০১৮ সালের ৩ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মধ্য দিয়ে মুন্সিগঞ্জ-গজারিয়া নৌ-রুটে প্রথমবারের মতো ফেরি সার্ভিস উদ্বোধন করেন। তবে বেহাল সড়ক যোগাযোগ ব্যবস্থা ও যানবাহন সংকটের কারণে পাঁচ মাস চলার পর তা বন্ধ হয়ে যায়।
তবে প্রায় চার বছর পর এ নৌ-রুটে ফের ফেরি সার্ভিস চালু হওয়ায় জেলা শহরের সঙ্গে গজারিয়া উপজেলার সড়কপথে যাতায়াতের দূরত্ব কমেছে প্রায় ৮০ কিলোমিটার। এছাড়া এ নৌপথ চালু হওয়ায় পদ্মা সেতু হয়ে জেলার অভ্যন্তরীণ সড়ক দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ব্যবহার করা যাবে।
এতে রাজধানীর যানজট এড়িয়ে সহজেই এ নৌ-রুটে চলাচল করতে পারবে সব ধরনের যানবাহন।
মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস জানান, মুন্সিগঞ্জ-গজারিয়া রুটে মেঘনা নদীতে ২০১৮ সালের জুনে ফেরি সার্ভিস চালু করেন প্রধানমন্ত্রী। এর ফলে মুন্সিগঞ্জ জেলা সদর থেকে গজারিয়া উপজেলায় যাতায়াতের ক্ষেত্রে দূরত্ব কমে আসে। কিন্তু সংকীর্ণ, ভাঙাচোরা সড়কসহ নানা কারণে পাঁচ মাস পরেই ফেরি সার্ভিসটি বন্ধ হয়ে যায়।
এরপর ২০১৮ সালের সেপ্টেম্বরে ৮০ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে মুন্সিগঞ্জ পৌরসভার উত্তর ইসলামপুর এলাকা থেকে নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জ ঘাট পর্যন্ত এবং গজারিয়ার কাজিপুরা ফেরিঘাট থেকে রসুলপুর খেয়াঘাট পর্যন্ত এবং রসুলপুর খেয়াঘাট থেকে ভবেরচর বাসস্ট্যান্ড পর্যন্ত ১২ দশমিক ৬০ কিলোমিটার সড়ক নির্মাণ করে সরকার।
তিনি আরো বলেন, মুন্সিগঞ্জ-গজারিয়া রুটে ফেরি সচল রাখতে এখন আর কোনো বাধা নেই।
চাহিদা বাড়লে নতুন এ নৌ-রুটে ফেরি সংখ্যা বাড়ানো হবে জানিয়ে বিআইডব্লিউটিসির পরিচালক মো. রাসেদুল ইসলাম উদ্বোধনে উপস্থিত থেকে জানান, মুন্সিগঞ্জ সদর থেকে গজারিয়া উপজেলায় সড়কপথে যেতে প্রায় ৮০ কিলোমিটার সড়কপথ পাড়ি দিতে হয়। তবে ফেরি সার্ভিস চালু হওয়ায় নৌপথে মাত্র ৭ কিলোমিটার পথ পাড়ি দিয়েই গজারিয়ায় পৌঁছানো যাবে।
গজারিয়ার আটটি ইউনিয়নের ১২০ গ্রামের প্রায় দেড় লাখ মানুষ দীর্ঘদিন ছোট ছোট ইঞ্জিনচালিত ট্রলারে ফুলদী ও উত্তাল মেঘনা নদী পার হয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চর কিশোরগঞ্জ হয়ে মুন্সিগঞ্জ শহরে যাতায়াত করত। এতে ঝুঁকির পাশাপাশি দুর্ভোগের শিকার হতেন চলাচলকারীরা। এছাড়া ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েকে জেলার ভেতর দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে যুক্ত করেছে নতুন নৌপথের ফেরি সার্ভিসটি।










