পিরোজপুর পাড়েরহাটে বাস, সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। শুক্রবার (৮ মার্চ) দুপুরে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিকুজ্জামান সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে পিরোজপুর বাসস্ট্যান্ড থেকে একটি বাস চন্ডিপুরের দিকে যাচ্ছিল। এ সময় বেলতলা এলাকায় একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। তখন সেখানে থাকা আরও একটি মোটরসাইকেলেও ধাক্কা লাগে। এতে সাত জন নিহত হন। নিহতদের সবাই অটোরিকশা ও মোটরসাইকেলের আরোহী। এর মধ্যে পাঁচ জন পুরুষ ও দুজন নারী।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রেজোয়ান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটি ব্রেক ফেল করে ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে চাপা দিয়েছে। ঘটনাস্থল থেকে আমরা তিনজনের মরদেহ উদ্ধার করি। কয়েকজনকে হাসপাতালে পাঠানো হলে সেখানে চারজন মারা যান।










