গাজীপুরের শ্রীপুরে বিজিবির গুলিতে ৬ জন নিহত এবং প্রায়
৫০ জন আহত হয়েছেন। আজ সোমবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাওনা চৌরাস্তা
এলাকার বাংলাদেশ পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
শ্রীপুরে দুটি বাসে থাকা ৮০ জন বিজিবি সদস্যকে ঘিরে রেখেছিল
আন্দোলনকারীরা। এসময় বিজিবি সদস্যরা আত্মরক্ষার জন্য মুহুর্মুহু গুলি চালায়। এতে কমপক্ষে
ছয়জন আন্দোলনকারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গুলিবিদ্ধ হয়েছে কমপক্ষে অর্ধশতাধিক।
বিজিবির বহনকারী তিনটি গাড়িতে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। বিজিবি সদস্যদের উদ্ধারের
জন্য আসে কয়েকটি হেলিকপ্টার। আন্দোলনকারীদের সরিয়ে দিতে গুলি চালানো হয়।
নিহতরা হলেন, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মৃত আসাদের
ছেলে সিফাতউল্লাহ (২২), শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দারোগারচালা গ্রামের শুক্কুর
আলমের ছেলে শরীফ আহমেদ (২০), ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার তাজুল ইসলামের ছেলে
কাওসার (২৮), ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার আব্দুল হাইয়ের ছেলে জুয়েল মৃধা (৩০)
এবং অজ্ঞাতনামা দুইজন।
মাওনা চৌরাস্তা আলহেরা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপক মো.
ওবায়দুল্লাহ বলেন, এ পর্যন্ত হাসপাতালে গুলিবিদ্ধ পাঁচজনের মরদেহ এসেছে। তাদের মধ্যে
তিনজনের নাম পরিচয় জানা গেছে। অপর দুজনের পরিচয় সনাক্ত হয়নি। এছাড়াও একজনের মরদেহ উপজেলা
মাওনা এলাকায় তার আত্মীয় আরিফ সরকারের বাড়িতে নেয়া হয়েছে। এছাড়াও গুলিবিদ্ধ ২২ জনকে
প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আলহেরা হাসপাতালের পরিচালক ডাঃ আবুল হোসেন বলেন, দুপুরের
পর থেকে গুলিবিদ্ধ ২২ জনসহ ৫০ জনকে চিকিৎসা দেয়া হয়েছে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক
ডাঃ জারিন ফারা বলেন, বিকালের দিকে চারজন ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে এসে
চিকিৎসা নিয়েছেন।










