জাতীয়
কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর জাতীয় পর্যায়ে তিনদিনব্যাপী অনুষ্ঠানমালা গতকাল শেষ হয়েছে। সমাপনী দিনে সন্ধ্যায় প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। এ সময় তিনি
বলেন, ‘কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অসাম্প্রদায়িক কবি। তিনি ছিলেন মানুষের কবি, মানবতার কবি। তিনি ইসলামী সংগীতও লিখেছেন আবার শ্যামাসংগীতও লিখেছেন।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘নজরুল জয় বাংলা বলেছিলেন, বঙ্গবন্ধু সেই জয় বাংলাকে ধারণ করলেন। তাকে বাঙালির হৃদয়ে পৌঁছে তাকে অনুরণিত করলেন এবং জয় বাংলাই হয়ে উঠল আমাদের অস্ত্রের রণধ্বনি এবং সেই রণধ্বনি দিয়েই একটি নিরস্ত্র বাঙালি জাতি একটি সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে নিজেদের স্বাধীন করল। আমরা আমাদের স্বাধীন সার্বভৌম দেশটি পেলাম।’
ময়মনসিংহের বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মো. নুরুল হুদা। প্রধান অতিথির বক্তব্য চলাকালে অনুষ্ঠানে উপস্থিত হন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্র শেখর দে, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল।
অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাফেজ রুহুল আমিন মাদানী এমপি, মোসলেম উদ্দিন এমপি, ফাহমি গোলন্দাজ বাবেল এমপি, ফখরুল ইমাম এমপি, কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান, ময়মনসিংহের জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা, বাংলাদেশ বার কাউন্সিলের রিলিফ কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট জালাল উদ্দিন খান, সাবেক এমপি ও ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, ত্রিশাল পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, মাহমুদা খানম রুমা প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে নজরুল জন্মজয়ন্তী উৎসবকে কেন্দ্র করে ত্রিশালে লাখো মানুষের ঢল নামে। তিনদিনব্যাপী এ ঝমকালো উৎসবে যোগ দিতে নানা প্রান্ত থেকে মানুষ ত্রিশালে ভিড় করে। নজরুল বিশ্ববিদ্যালয় ও সরকারি নজরুল একাডেমি এবং সরকারি নজরুল কলেজ প্রাঙ্গণ ছিল মুখরিত। নজরুল মেলায় তিন শতাধিক স্টল বসে নানা পণ্যের পসরা সাজিয়ে। এ উৎসবের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট দেখা দেয়।










