নিরাপত্তার কারণে বান্দরবানের রুমা-রোয়াংছড়ি ভ্রমণে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে স্থানীয় প্রশাসন। আজ রোববার (১১ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সই করা এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবান সেনা রিজিয়নের আবেদনের পরিপ্রেক্ষিতে পর্যটকদের নিরাপত্তার কারণে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের ভ্রমণে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে গত ১৭ অক্টোবর রাত থেকে রুমা ও রোয়াংছড়িতে এবং ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত থানচি ও আলী কদমে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়। এ চার উপজেলায় ৮ নভেম্বর পর্যন্ত ভ্রমণে নিষেধাজ্ঞার পর ৯ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত আলীকদমের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল। তবে রোয়াংছড়ি, রুমা ও থানচিতে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়। ১৩ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত এ তিন উপজেলায় আবারো নিষেধাজ্ঞা দেয়া হয়।
পরে থানচিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ১৭ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত রোয়াংছড়ি ও রুমাতে নিষেধাজ্ঞা বহাল রাখা হয়। ওই দুই উপজেলায় ২১ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা দেয়ার পর আবারো ২৮ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা দেয়া হয়। এরপর ১১ ডিসেম্বর পর্যন্ত নিষেধ থাকা দেয়া হয়। সব শেষ আজ রোববার বিকালে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত রুমা ও রোয়াংছড়ি উপজেলা পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।










