সাতক্ষীরার আশাশুনি উপজেলায় রাস্তার পাশ থেকে বিজন কুমার দে (৬০) নামে এক মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুন্দুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিজন কুমার দে কুন্দুড়িয়া গ্রামের ভঞ্জন কুমার দের ছেলে। তিনি মাছের পোনা ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
পরিবার জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় বিজন কুমার স্থানীয় বুধহাটা বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। অনেক রাত হয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে খোঁজাখুঁজির একপর্যায় বুধবার সকালে বাড়ির কাছের একটি বাগানের রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকার খবর পায় পরিবার। তবে কেন এ ঘটনা ঘটেছে বা কেউ তাকে হত্যা করেছে কি না, সে বিষয়ে তারা নিশ্চিত করে কিছু বলতে পারেনি।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামছুল আরেফিন বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর কারণ বলা সম্ভব নয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।










