সুনামগঞ্জে হাওরে একের পর এক ফসলডুবির ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধন করেছে স্থানীয় কৃষক সংগঠন হাওর বাঁচাও আন্দোলন জেলা কমিটি ও বিএনপি। গতকাল দুপুরে পৃথক স্থানে দুটি বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হাওর বাঁচাও আন্দোলনের বিক্ষোভ মিছিলটি শহরের ট্রাফিক পয়েন্ট থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। হাওর বাঁচাও আন্দোলন জেলা কমিটির সভাপতি অলিউর রহমান বকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সহসভাপতি সুখেন্দু সেন, চিত্তরঞ্জন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহীন চৌধুরী শুভ, সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা, সদস্য রুহুল আমিন, জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ, সাংগঠনিক সম্পাদক শহীদ নূর আহমেদ প্রমুখ। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়।

স্মারকিলিপিতে নেতারা উল্লেখ করেন, জেলার ১২টি উপজেলার ছোট-বড় ৫২টি হাওরে ২ লাখ ২২ হাজার ৮০৫ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। কৃষকরা আশায় বুক বেঁধে আছেন এ বছর ১৩ লাখ টন ধান উৎপাদন হবে। জেলার ৪১টির অধিক হাওরে ৭২৭টি প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে সরকার ১২১ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। কার্যাদেশ অনুযায়ী ২০২১ সালের ১৫ ডিসেম্বর হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ শুরু হয়ে ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু অদ্যাবধি কোনো বাঁধেরই শতভাগ কাজ শেষ হয়নি। এখনো হাওরের ধান কাঁচা রয়েছে। এ অবস্থায় ২ এপ্রিল তাহিরপুর উপজেলার বাঁধ ভেঙে টাঙ্গুয়ার হাওর তলিয়ে যায়, ৪ এপ্রিল তলিয়ে যায় শাল্লা, ছাতক ও সদর উপজেলার কয়েকটি হাওর, ৫ এপ্রিল বিকালে ডুবে যায় ধরমপাশা উপজেলার চন্দ্র সোনার তাল হাওর।

অভিযোগে উল্লেখ করা হয়, হাওরে শত কোটি টাকার অধিক প্রকল্পে নেই মনিটরিং, নেই কাজের গুণগতমান বজাই রাখার চেষ্টা। কাজের শুরু থেকেই দুর্নীতির অভিযোগ ওঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের উপজেলা সহকারী প্রকৌশলীদের (এসও) বিরুদ্ধে। তাদের দুর্নীতির কারণেই বাঁধের কাজের মান ভালো হয়নি। তাই সামান্য বৃষ্টিতেই বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ করছে।

এছাড়া জেলার ছাতক, দোয়ারাবাজার, জগন্নাথপুর, শান্তিগঞ্জ, তাহিরপুরসহ বিভিন্ন উপজেলায় একযোগে বিক্ষোভ ও সমাবেশ করেছেন হাওর বাঁচাও আন্দোলনের নেতাকর্মীসহ কৃষকরা।

এদিকে দুপুরে হাওরে ফসলডুবির প্রতিবাদে জেলা বিএনপির আয়োজনে শহরের পুরনো বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বাঁধের কাজে গাফিলতি ও অনিয়মকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানায় জেলা বিএনপি। শেষে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন দলটির নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সহসভাপতি আনিসুল হক, নাদের আহমদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল প্রমুখ।