ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিতভাবে পুনর্গঠনের প্রথম পর্যায়ে দেশ রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, বিভিন্ন বিষয়ের প্রতিটি স্তরে পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজন অনুযায়ী কাজ এগিয়ে নেয়া হচ্ছে। জনগণের ভোটে ১ হাজার ৮২৫ দিনের জন্য ম্যান্ডেট পাওয়া গেলেও এর মধ্যে এখন পর্যন্ত ১৮০ দিন পার হয়েছে। তাই শুরুর সময়ের কাজ আর শেষ সময়ের কাজ এক রকম হবে না। সময় যত এগোবে, পরিকল্পনাগুলো তত সহজে বাস্তবায়ন করা সম্ভব হবে।
আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
তথ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিনের অত্যাচারের ফলে ২০২৪ সালের ৫ আগস্ট গণবিক্ষোভ গণঅভ্যুত্থানে রূপ নেয়। সেই ক্ষোভের প্রতীক হিসেবে জুলাইকে স্মরণে রাখা হয়েছে। যে জনগণ অভ্যুত্থান ঘটিয়েছিল, সেই জনগণই আবার তারেক রহমানের দেশে ফেরাকে আনন্দের সঙ্গে গ্রহণ করেছে।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী যথাযথভাবেই বলেছেন, তার একটি পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী যে পরিকল্পনা ঘোষণা করেছেন, এর কতটুকু বাস্তবায়ন হয়েছে তা সবাই জানেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা নজরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
এছাড়া প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।










