খুলনায় ২৪ ঘণ্টায় আরও ১৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আর মেহেরপুর জেলায় ১ জন মারা গেছেন। এ নিয়ে এ পর্যন্ত খুলনা বিভাগে করোনায় ৩৬ জন আক্রান্ত হল। আর ২ জনের মৃত্যু হল। আজ বৃহস্পতিবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রাশিদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ২৪ ঘন্টায় বিভাগের খুলনায় ২ জন, যশোরে ১ জন, মাগুরায় ১ জন, কুস্টিয়ায় ৩ জন ও মেহেরপুরে ১ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ ২৪ ঘণ্টায় মেহেরপুর জেলায় করোনা আক্রান্ত একজন মারা গেছে। পাশাপাশি ২৪ ঘণ্টায় এ বিভাগে ৮৩১ জনকে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। এর মধ্যে ২৮৩ জন রয়েছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। আর ৬৯২ জনকে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। আর আইসোলেশনে নেয়া হয়েছে ৪ জনকে। আইসোলেশন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১২ জনকে। 

তিনি আরও জানান, গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত খুলনা বিভাগে ৩৬ জন করোনা পজিটিভ শনাক্ত ও দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এই বিভাগের জেলাগুলোর মধ্যে খুলনাতেই বেশি সংক্রমণ ঘটেছে। এখান করোনায় ৭ জন আক্রান্ত ও ১ জন মারা গেছেন। মেহেরপুর জেলায় ২ জন আক্রান্তের পাশাপাশি একজন মারা গেছেন। এছাড়াও চুয়াডাঙ্গাতেও ৭ জন, নড়াইলে ৬ জন, যশোরে ৬ জন, কুষ্টিয়ায় ৫ জন, বাগেরহাটে ১ জন ও মাগুরায় ১ জন আক্রান্ত হয়েছেন। 

এ বিভাগে এ পর্যন্ত ২৩ হাজার ৪৬৫ জনকে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে বলেও উল্লেখ করেন স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। তিনি জানান, এর মধ্যে ১ হাজার ৩৩৪ জনকে রাখা হয় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। আর কোয়ারেন্টিন থেকে ১৬ হাজার ৪৬৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়াও ১৪৭ জনকে আইসোলেশনে রাখা হয়। আর আইসোলেশন থেকে ১২৮ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।