কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি পণ্যবাহী ট্রাক উল্টে আব্দুল খালেক (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে চান্দিনার মাধাইয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক কুমিল্লার দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের বেতুয়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কসাই ছিলেন।

হাইওয়ে পুলিশের ইলেটগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান, ভোর ৫টার দিকে খালেক মহাসড়কের পাশে হেঁটে যাচ্ছিলেন। ওই সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী আদাবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। পরে ট্রাকটি সড়ক থেকে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান খালেক।

খবর পেয়ে তার স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়। ট্রাকটি উদ্ধার করে থানার হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।