পাখি সংরক্ষণে গণসচেতনতা বাড়াতে নানা আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘পাখি মেলা’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে বেলুন উড়িয়ে উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম এ মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসা পাখি যে লেকগুলোয় বসে আমরা সেখানে কাঁটাতারের বেড়া দিয়েছি। কিন্তু এখন কাঁটাতারের বেড়া নেই বললেই চলে। এগুলোকে কেটে ফেলা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে। কেন এত কাছে গিয়ে পাখি দেখতে হবে? একটু দূরে থেকেও তো পাখিগুলো দেখা যায়। কিন্তু আমরা এ নিয়মগুলো মানি না।’
‘পাখপাখালি দেশের রত্ন, আসুন সবাই করি যত্ন’—প্রতিপাদ্যে দিনব্যাপী মেলায় পাখি দেখা প্রতিযোগিতা, পাখিবিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, শিশু-কিশোরদের জন্য পাখির ছবি আঁকা প্রতিযোগিতা, টেলিস্কোপ ও বাইনোকুলার দিয়ে শিশু-কিশোরদের পাখি পর্যবেক্ষণ, পাখির আলোকচিত্র ও পত্রপত্রিকা প্রদর্শনী, আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি চেনা প্রতিযোগিতা এবং সবার জন্য উন্মুক্ত পাখিবিষয়ক কুইজের আয়োজন করা হয়।
এছাড়া মেলায় পাখি সংরক্ষণে অবদান রাখায় সাঈদ হোসাইন, শাওন দেব এবং এএসএম আরিফ উল আনামকে ‘বিগ বার্ড বাংলাদেশ’ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রিন্ট ক্যাটাগরিতে অধ্যাপক এএনএম আমিনুর রহমান, অনলাইন ক্যাটাগরিতে হূদয় দেবনাথ এবং ইলেকট্রনিকস মিডিয়া ক্যাটাগরিতে কেফায়েত উল্লাহ চৌধুরীকে ‘কনজারভেশন মিডিয়া অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। অর্ণব সাহা ও তার দলকে সায়েন্টিফিক পাবলিকেশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
মেলার আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ মনিরুল হাসান খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মো. নুহু আলম, প্রাণিবিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, অধ্যাপক মোস্তফা ফিরোজ, বিশিষ্ট পাখি বিশারদ ইনাম আল হক, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু এবং বন অধিদপ্তরের কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।










