ঝালকাঠির
সুগন্ধা নদীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ‘সাগর নন্দিনী-২’
জাহাজ থেকে পানি ও ফোমমিশ্রিত প্রায়
৮০ হাজার লিটার পেট্রল অপসারণে করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ওই জাহাজ থেকে
এ জ্বালানি তেল অপসারণ করা হয়। তেল অপসারণ ও ক্ষতিগ্রস্ত জাহাজটি
নিরাপদে সরিয়ে নেয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে জেলা প্রশাসন গঠিত আট সদস্যের একটি
দল কাজ করছে।
ঝালকাঠি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন শিবলী বলেন, ‘বিস্ফোরণ ও আগুনে পুড়ে যাওয়ার পর সাগর নন্দিনী-২ জাহাজের পেছনের অংশে পানি প্রবেশ করে। এতে জাহাজটি কিছুটা ডুবে গেছে। কয়েক দফায় ড্রেজারের মাধ্যমে সেচ দিয়ে তা ভাসিয়ে রেখে জননিরাপত্তা বিবেচনা করে বৃহস্পতিবার রাতে প্রায় ৭০-৮০ হাজার লিটার পানি ও ফোমমিশ্রিত তেল অপসারণ করা হয়েছে। যেহেতু পেট্রল এজন্য নিরাপত্তার জন্য রাতেই অপসারণ কাজ করা হবে। তবে এখনো কী পরিমাণ তেল রয়েছে তা বলা যাচ্ছে না। এ প্রক্রিয়া চলমান।’
গত ১ জুলাই ঝালকাঠি খেয়াঘাটসংলগ্ন এলাকায় সুগন্ধা নদীতে দুর্ঘটনাকবলিত সাগর নন্দিনী-২ জাহাজে তিন দফায় বিস্ফোরণ ও আগুনে চারজন নিহত ও অন্তত ১৯ জন আহত হন।










