ক্ষতিগ্রস্ত নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। গতকাল সকালে তিনি কারাগারটির বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম বলেন, ‘দুর্বৃত্তদের হামলায় কারাগারটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর থেকে সরকারের মন্ত্রীসহ সংশ্লিষ্টরা কারাগারটি পরিদর্শন করেছেন। আমি ক্ষতির পরিমাণ দেখতে কারাগারটি পরিদর্শন করলাম। দ্রুত সময়ের মধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে। এরই মধ্যে প্রকৌশলী ও ঠিকাদাররা কাজ করছেন। শিগগিরই কারাগারটি ব্যবহারযোগ্য করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’
এ সময় উপস্থিত ছিলেন কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমান, র্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল তানভীর বাশার, নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম ও পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।










