বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের জন্য তৃতীয় ধাপের (পুনর্বিবেচনা) সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৮ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ভ্রমণ নির্দেশিকাটি হালনাগাদ করা হয়েছে। সেখানে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য পার্বত্য চট্টগ্রাম এলাকা ভ্রমণে চতুর্থ ধাপের সতর্কতা (ভ্রমণ নিষিদ্ধ) ঘোষণা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে বিভিন্ন স্থানে হুটহাট বিক্ষোভ দেখা দিচ্ছে। এগুলোতে যেকোনো মুহূর্তে পরিস্থিতি সহিংস হয়ে উঠতে পারে। তাই মার্কিন নাগরিকদের সব ধরনের সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।

বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে নাগরিকদের জন্য তৃতীয় মাত্রার সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের সরকার।

শুক্রবারের বিবৃতিতে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক করে বলা হয়েছে, লোকের ভিড়ে পকেটমারের বিষয়ে সাবধান থাকতে হবে। আর বড় শহরগুলোতে ছিনতাই, চুরি, আক্রমণ ও অবৈধ মাদক কারবারের মতো অপরাধ ঘটে থাকে।

এছাড়া বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকার দূতাবাসে কর্মরত মার্কিন কর্মীদের রাজধানীর বাইরে অপ্রয়োজনীয় ভ্রমণে নিষেধ করা হয়েছে।