নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুকুরে গোসলে নেমে তিন স্কুলছাত্রীর মৃত‍্যু হয়েছে। আজ রোববার (২৫ জুন) দুপুরে উপজেলার হোড়গাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার গন্ধব্যপুর এলাকার রুকন উদ্দিনের মেয়ে আফসানা আক্তার মারিয়া, নেত্রকোনার দুর্গাপুর এলাকার সালাম মিয়ার মেয়ে সুবর্ণা আক্তার, হবিগঞ্জের নবিগঞ্জ উপজেলার রোমান মিয়ার মেয়ে মারিয়া।

তারা সবাই উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোরগাঁও এলাকার আক্তার মিয়া ও সোমা বেগমের বাড়ির ভাড়াটিয়া ও হোরগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সাঁতার না জানার ফলে তারা পানিতে তলিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। 

নিহতদের পরিবারের বরাত দিয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, দুপুরে গোলাকান্দাইল ইউনিয়নের হোরগাঁও এলাকার একটি পুকুরে তিনজন শিশু গোসল করতে যায়। তাদের কেউই সাঁতার না জানায় পুকুরে ডুবে যায়। পরে স্থানীয় এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। একসঙ্গে তিন শিশুর মৃত্যুতে পুরো এলাকার বাতাসা ভারী হয়ে উঠেছে। গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। 

ইউএস বাংলা মেডিকেল কলেজের জরুরি বিভাগের ডাক্তার মনিরুজ্জামদন জানান, তিন শিশুরকে হাসপাতালে নিয়ে আসার আগেই তারা মারা যান। পানিতে তলিয়ে যাওয়ার কারণেই তাদের মৃত্য হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওসি আরো বলেন, শিশুদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।