প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪’ উপলক্ষে
মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছেন।
মঙ্গলবার (২৬ মার্চ) রাজধানীর মোহাম্মদপুর এলাকার গজনভী রোডে যুদ্ধাহত
মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের
সদস্যদের জন্য ফল ও মিষ্টান্ন পাঠান তিনি।
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস)-২ গাজী হাফিজুর রহমান
লিকু এবং সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার তাদের হাতে উপহার সামগ্রী তুলে
দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা
হয়েছে।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীকে
ধন্যবাদ জানান এবং স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদ ও পহেলা বৈশাখের মতো উৎসবে তাদের
স্মরণ করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।
মুক্তিযোদ্ধারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ
কন্যার নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন এবং দেশের অভূতপূর্ব উন্নয়ন ও অগ্রগতিতে
সন্তোষ প্রকাশ করেন। মুক্তিযোদ্ধাদের বর্ধিত ভাতা, চিকিৎসা সেবা এবং বাসস্থান প্রদানের
জন্য মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।









