নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় বন্যার পানির স্রোতে একটি মিনি রেলসেতু ভেঙে গিয়েছে। এতে মোহনগঞ্জ উপজেলার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ শনিবার সকালের দিকে এ ঘটনা ঘটেছে।


ময়মনসিংহ স্টেশনের সুপারিনটেনডেন্ট মো. জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে জানান, অতীতপুর ও মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী ইসলামপুর নামক স্থানে ২৩ নম্বর রেলসেতুর মাটি সরে গেছে এবং পানির স্রোতে ভেসে যায় সেতু। এর কারণে আজ সকালে আন্তঃনগর ট্রেন ৭৭৮ নম্বর হাওর এক্সপ্রেস মোহনগঞ্জ স্টেশনে আটকা পড়েছে। নির্ধারিত সময়ে ঢাকার উদ্দেশে ছেড়ে আসতে পারেনি।

 

জানা যায়, বন্যার পানির প্রবল স্রোতে দুই পাশের মাটি ধসে গেলে সেতুটি ভেঙে যায়। লাইনটি ঝুঁকিপূর্ণ বিদায় রেলওয়ে কর্তৃপক্ষ রেল যোগাযোগ বন্ধ রেখেছেন।

 

এ ব্যাপারে বারহাট্টা স্টেশনের মাস্টার গোলাম রব্বানী জানান, হাওর এক্সপ্রেস ট্রেনটি মোহনগঞ্জে আটকা পড়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মোহনগঞ্জের সঙ্গে ময়মনসিংহসহ ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে। রেল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন।