ঢাকার নবাবগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে বড় ভাই রফিক উদ্দিন কবিরাজকে (৫৫) গলা টিপে হত্যা করার অভিযোগ উঠেছে ছোট ভাই জাহাঙ্গীর কবিরাজের (৪০) বিরুদ্ধে। গতকাল দুপুরে উপজেলার চুড়াইন ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিক উদ্দিন ওই গ্রামের মৃত শুকুর কবিরাজের বড় ছেলে।
নিহতের স্ত্রী আসমা বেগম জানান, তার ননদ কহিনূরের কাছে দেবর জাহাঙ্গীর কবিরাজ টাকা পান। সেই পাওনা টাকা নিয়ে ভাইবোনের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। গতকাল দুপুরে রফিক উদ্দিন হাটে ধান বিক্রির জন্য খালি বস্তা আনতে ননদ কহিনূরের ঘরে যান। এমন সময় জাহাঙ্গীর তার বড় ভাই রফিকউদ্দিনের গলা টিপে ধরে অজ্ঞান করে ফেলেন। পরে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার এসআই তানভীর শেখ জানান, হত্যা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।










