দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের ভিমপুল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১৪ জন বাসযাত্রী আহত হয়েছেন। আজ শুক্রবার (২৫ অক্টোবর) ভোরবেলা নওশিন পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আরিফুল ইসলাম (২৫)। তিনি দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের মাঝাডাঙ্গা গ্রামের জাকারিয়া ইসলামের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা নওশিন পরিবহন (ঢাকা-মেট্রো-ব-১৫-২১-১৪) নামক রাত্রিকালীন যাত্রীবাহী বাসটি ফুলবাড়ী উপজেলার ভিমপুল মোড়ে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রীজের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম খন্দকার মহিব্বুল জানান, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে বাসটি ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত দুজনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পোস্টমর্টেমের পরে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।