মেহেরপুরে কোর্ট মার্কেট উচ্ছেদের প্রতিবাদে ভিক্ষার থালা হাতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ীরা। গতকাল বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। অবস্থান কর্মসূচি চলাকালে হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল সিমন বলেন, ২০০৬ সালে তত্কালীন জেলা প্রশাসক তালুকদার সামসুর রহমান ও তত্কালীন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা চুক্তিপত্রের মাধ্যমে ব্যবসায়ীদের দোকানঘর বরাদ্দ দেন। যদি কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে তারা করেছেন।
তিনি অভিযোগ করেন, জেলা প্রশাসক মার্কেটটি ভাঙার বিষয়ে ব্যবসায়ী ও সাংবাদিকদের সঙ্গে মিথ্যাচার করেছেন। তিনি আমাদের সঙ্গে কোনো ধরনের আলাপ-আলোচনা করেননি বরং আমরা প্রতিষ্ঠান বাঁচাতে বারবার তার কাছে গিয়েছি। আমাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই মাত্র আধাঘণ্টার ব্যবধানে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান, সদস্য রাশেদুজ্জামান, ইজারুল ইসলাম প্রমুখ। এ সময় কোর্ট মসজিদ মার্কেটের ক্ষতিগ্রস্ত দোকানমালিক ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
গত মঙ্গলবার জেলা মডেল মসজিদের সৌন্দর্য বৃদ্ধি ও সরকারি জমি দখলমুক্ত করতে মেহেরপুর কোর্ট মসজিদ মার্কেট ভবন উচ্ছেদ করে জেলা প্রশাসন। এতে ২৫ জন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হন। এর প্রতিবাদে বুধবার বিকালে সংবাদ সম্মেলন করে হোটেল বাজার ব্যবসায়ী সমিতি। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আব্দুল হান্নান জেলা প্রশাসকের অপসারণ ও মেহেরপুর পৌরনির্বাচন বর্জনের হুমকি দিয়ে পাঁচদিনের কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে ১৩ জুন থেকে আমরণ অনশনসহ হরতালের ঘোষণাও রয়েছে।










