ভোলার চরফ্যাশনে শশীভূষণ বাজারের সবুজ ট্রেডার্স নামের একটি চালের আড়ত থেকে ৫০০ কেজি (১০ বস্তা) জেলে পুনর্বাসনের সরকারি চাল জব্দ করা হয়েছে। গতকাল বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমানের নির্দেশে শশীভূষণ থানা পুলিশ এ চাল জব্দ করে থানা খাদ্যগুদাম কর্মকর্তা কমল দের কাছে হস্তান্তর করেন। শশীভূষণ থানার ওসি মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। দোকান মালিক জসিম উদ্দিন জানান, তিনি উপজেলার এওয়াজপুর ইউনিয়ন পরিষদসংলগ্ন জনৈক মঞ্জুর নিকট থেকে গতকাল সকালে ৩৮ টাকা কেজি দরে ৫০০ কেজি জেলে চাল ক্রয় করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, চাল বিক্রেতা মঞ্জু এওয়াজপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবলীগ নেতা। চাল বিক্রির কথা স্বীকার করে মঞ্জু জানান, তিনি দলীয় নেতাকর্মী এবং জেলেদের কাছ থেকে চালগুলো ক্রয় করে জসিমের কাছে বিক্রি করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক জেলে জানান, ৩০ কেজির জায়গায় তাদের ২৫ কেজি করে চাল দিয়ে উদ্বৃত্ত চাল স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম খোকন মঞ্জুর মাধ্যমে আড়তদার জসিমের কাছে বিক্রি করেন। তবে অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান মাহাবুব আলম খোকন বলেন, ৩০ কেজি করেই চাল দেয়া হয়েছে। আমি কোনো অনিয়ম করিনি। চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান জানান, গোপন সংবাদের খবর পেয়ে চালগুলো জব্দ করা হয়েছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।










