জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নিজেদের অধীনে রাখতে ‘স্ট্যান্ড ফর এনআইডি’র অংশ হিসেবে কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে কর্মসূচি শুরু করেন তারা। এর ফলে সারা দেশে আজ দুই ঘণ্টা এনআইডি সেবা বন্ধ রয়েছে।
এ সময় কর্মকর্তা-কর্মচারীদের হাতে 'এক দুই তিন চার, এনআইডির পিছু ছাড়'; 'ভোট চুরির ধান্ধা বন্ধ কর, এনআইডির পিছু ছাড়'; 'ভোটার তালিকা ও এনআইডি একসূত্রে গাঁথা, বিভক্তি মানি না'; 'এনআইডি রাজনৈতিক হাতিয়ার নয়, এটি ইসির অধিকার'; 'ইসির অধীনে এনআইডি, জনগণের নিরাপত্তার গ্যারান্টি’ প্রভৃতি স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায়।
তাদের দাবি, আগামী মঙ্গলবারের (১৮ মার্চ) মধ্যে জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল করে এনআইডি কার্যক্রম ইসির অধীনে পুনর্বহাল করতে হবে। ওই দিনের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে পরদিন বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইসি সচিবালয় ও মাঠপায়ের সব কার্যালয়ে অর্ধদিবস 'অপারেশন হল্ট' বা কর্মবিরতি পালন করা হবে। একইদিন দুপুর সাড়ে ১২টায় ইসির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এ বিষয়ে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক উপ-সচিব মনির হোসেন বলেন, দ্রুত দাবি মানা না হলে আগামী বুধবার সারা দেশের নির্বাচন কমিশন অফিসে অর্ধদিবস কর্মবিরতি পালন করবে অ্যাসোসিয়েশন।














