বগুড়ার কাহালু উপজেলায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) সকাল ৯টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালুর নারহট্ট ভেঁপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার শিকড় গ্রামের নুর আলম (৫০) ও পাইকড় পাঞ্জাপাড়া গ্রামের মোফাজ্জল হোসেন (৩৬)।
বগুড়ার কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, নুর আলম ভ্যানে করে বিবিরপুকুর থেকে মোফাজ্জল হোসেনকে বাড়ি নিয়ে যাচ্ছিলেন। নারহট্ট ভেঁপড়া এলাকায় পৌঁছালে হঠাৎ ভ্যানটি বিকল হয়ে যায়। এ সময় নওগাঁ থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির বাস পেছন থেকে এসে ভ্যানটিকে ধাক্কা দেয় ও প্রায় এক কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ভ্যানচালক নুর আলম। আর আহত মোফাজ্জলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করালে দুপুরে তিনিও মারা যান।
আব্দুল হান্নান আরো বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।’










