সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব শারদীয় দুর্গা পূজার মহানবমী উদযাপিত হয়েছে গতকাল। নবমী পূজা ও সন্ধ্যা আরতি শেষে বিদায়ের সুর বাজতে শুরু করেছে। আজ বিজয়া দশমীতে দেবী দুর্গা মর্ত্য ছেড়ে কৈলাসে (স্বামীগৃহে) ফিরে যাবেন। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের আগে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শোভাযাত্রা বের হবে, যা রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে সদরঘাট গিয়ে শেষ হবে। রাজধানীর অধিকাংশ মণ্ডপের প্রতিমা বিসর্জন হবে বুড়িগঙ্গায়।
গতকাল নবমী তিথি শুরু হয় সন্ধিপূজা দিয়ে। মহানবমীতে রাজধানীর বিভিন্ন মন্দিরে ভক্তের ঢল নামে। হাজার-হাজার হিন্দু ভক্ত ও বিভিন্ন সম্প্রদায়ের লোকজন মন্দিরে-মন্দিরে দেবী দর্শনে আসেন। ভক্তরা মণ্ডপে অঞ্জলি ও ভোগ দেন। বিশেষ করে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে যথেষ্ট ভিড় ছিল গতকাল সারা দিনই। ভক্তরা বললেন, মাকে বিদায় জানাতে হবে বলে বেদনা আছে। একই রকম ভিড় ছিল রামকৃষ্ণ মিশনেও। রাত ১০টার দিকে নামে ভক্ত-দর্শনার্থীর ঢল।
হিন্দু সনাতন শাস্ত্রমতে, নবমী তিথিতে রাবণ বধের পর রাজা রামচন্দ্র এই পূজা করেছিলেন। নীলকণ্ঠ ফুল ও যজ্ঞের মাধ্যমে অনুষ্ঠিত হয় নবমী বিহিত পূজা। নবমী পূজা ও সন্ধ্যা আরতি শেষে বিদায়ের সুর বাজতে শুরু করে।
মহাষষ্ঠীর মধ্য দিয়ে গত ২৮ সেপ্টেম্বর শুরু হয় শারদীয় দুর্গোৎসবের। আজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচদিনের দুর্গা পূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। এ বছর সারা দেশে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপ হয়েছে। এর মধ্যে রাজধানীতে মণ্ডপ হয়েছে প্রায় ২৫৯টি।










