কুড়িগ্রামের সোনাহাট রেল সেতুর পাটাতন ভেঙে গেছে। এ সময় একটি পাথর বোঝাই ট্রাকের চাকা আটকে গেলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল ভোরে সোনাহাট স্থলবন্দর থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি পাথর বোঝাই ট্রাক সেতুটি পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

যান চলাচল বন্ধ থাকায় সেতুর দুদিকে আটকা পড়ে বন্দরকেন্দ্রিক পাথরসহ অন্যান্য মালামাল বহন করা ট্রাকের পাশাপাশি অন্যান্য যানবাহন। বিকল্প পথ না থাকায় অনেকেই দুর্ভোগ নিয়ে নৌকায় করে দুধকুমার নদ পার হয়েছেন।

স্থানীয়রা জানায়, সোনাহাট স্থলবন্দর থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাক সেতুর পাটাতন আটকে যায়। এতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হলে দুইদিকে দীর্ঘ লাইন পড়ে যায়। বন্ধ হয়ে পড়ে বন্দর থেকে দেশের বিভিন্ন প্রান্তে পাথরসহ অন্যান্য পণ্য সরবরাহের কাজও।

এ ব্যাপারে কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম জানান, সন্ধ্যা থেকে সংস্কার শুরু করা হবে। তবে দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি হওয়ায় চলাচল স্বাভাবিক হতে সময় লাগতে পারে। ব্রিটিশ আমলের সেতুর পাশে নির্মিত নতুন সেতুর কাজ দ্রুত শেষ হলে এ সমস্যা আর থাকবে না।