মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে বাহরাইনে নিহত বাংলাদেশী কর্মী এস এম তারেকের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় সৌদি আরবের দাম্মাম থেকে আসা গালফ এয়ারের ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দরে মরদেহটি গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করে জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ছয় বাংলাদেশী প্রাণ হারিয়েছেন। প্রবাসী কল্যাণ, পররাষ্ট্র এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সমন্বয় করে নিহতদের পরিবার এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করে মরদেহ আনার প্রক্রিয়া ত্বরান্বিত করার চেষ্টা করছে।

WhatsApp Image 2026-04-03 at 9.45.29 PM

এ সময় মন্ত্রী বলেন, নিহতের পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে দাফনের জন্য ৩৫ হাজার টাকা এবং নগদ ৫০ হাজার টাকা তাৎক্ষণিকভাবে দেয়া হয়েছে। এছাড়া আর্থিক সহায়তা হিসেবে ৩ লাখ টাকা এবং বীমার ১০ লাখ টাকা দেয়া হবে। পাশাপাশি নিহতের এলাকার সংসদ সদস্যের সঙ্গে সমন্বয় করে পরিবারটিকে দীর্ঘমেয়াদী সহায়তা দেয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

এখন পর্যন্ত মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহত তিন প্রবাসী বাংলাদেশীর মরদেহ দেশে পৌঁছেছে বলে জানান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। তিনি নিহতদের প্রতিটি পরিবারের সঙ্গে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখার বিষয়ে আশ্বস্ত করেন। সেইসঙ্গে মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় নির্দেশনা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের কূটনৈতিক প্রচেষ্টার কথা তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানোর লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে সরকার।

এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, যারা মানবপাচারের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এছাড়া গ্রিসের ক্যাম্পে বন্দি বাংলাদেশীদের দেশে ফিরিয়ে আনার জন্য দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

এ সময় আরো ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার এবং ওয়েলফেয়ার) দেওয়ান আলী আশরাফ এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. এ টি এম মাহবুব-উল করিম।