ময়মনসিংহে একটি বাসার রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের পাইপের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বিকালে নগরীর সানকিপাড়া শেষ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন বাসার গৃহকর্তা নজরুল ইসলাম (৭৩), তার জামাতা সোয়াইব মাহমুদ (৪০), নাতি রুহাদ (৭), শ্রমিক বিল্লাল হোসেন (৪০), সাদ্দাম হোসেন (৪০) ও প্রান্ত (২২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, নগরীর সানকিপাড়া শেষ মোড় এলাকার বাসিন্দা প্রকৌশলী নজরুল ইসলাম গতকাল নিজের নতুন বাসায় ওঠার জন্য বাসা বদল করছিলেন। বিকালে শ্রমিক দিয়ে গ্যাসের চুলা লাগানো হয়। পরে চুলায় পরীক্ষামূলক আগুন ধরানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ছয়জন দগ্ধ হন। দগ্ধদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে নেয়া হয়। এর মধ্যে নজরুল ইসলামের অবস্থা গুরুতর। পরে চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দগ্ধ নজরুল ইসলামের স্বজন রাকিবুল ইসলাম বলেন, ‘রান্নাঘরে থাকা সিলিন্ডারটি লিকেজ হয়ে পুরো ঘরে গ্যাস ছড়িয়েছিল। চুলা স্থাপনের পর সেখানে আগুন জ্বালানোর সময় হঠাৎ বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এতে ছয়জন দগ্ধ হয়েছেন।’

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।