অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের পর পুনরায় ভারতে যাওয়ার সময় এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বুধবার (১৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাউরপাথর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির পরশুরাম বিওপির টহল দল বাউরপাথর এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ২১৬২/৫ এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাউরপাথর নামক স্থান থেকে অবৈধ উপায়ে ভারতে প্রবেশের সময় নাইজেরিয়ার এক নাগরিক আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে ১টি লাল রঙের লাগেজ, এইচপি মডেল এর ১টি ল্যাপটপ সঙ্গে কিবোর্ড, মাউস, চার্জার, ৩০ মার্কিন ডলার জব্দ করা হয়।

ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছ, ওই নাগরিক অজ্ঞাতনামা ৪/৫ জন বাংলাদেশী নাগরিকের সহায়তায় ঘটনাস্থল দিয়ে অবৈধভাবে ভিসা ব্যতিত ভারতে প্রবেশের চেষ্টা করছিল। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে ভিসা ব্যতিত অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে দ্য ফরেনার অ্যাক্ট ১৯৪৬ এর ৩(২)(খ)/১৩/১৪ ধারার বিধান লঙ্ঘন করায় জব্দকৃত মালামালসহ পরশুরাম মডেল থানায় সোপর্দ করা হয়েছে ।