গত আগস্টের শুরুতে টানা কয়েকদিনের প্রবল বর্ষণে বিভিন্ন স্থানে সড়ক ধসে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বান্দরবান-থানচি ও রুমা উপজেলা সড়ক যোগাযোগ আবার চালু হয়েছে। তবে বাস, ট্রাক চলাচল উপযোগী হতে আরো সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গতকাল দুপুরে বান্দরবান-থানচি সড়কটি চালু হয়েছে। এর এক সপ্তাহ আগে থেকে বান্দরবান-রুমা সড়কেও ছোট ছোট যান চলাচল শুরু হয়েছে।

পোড়া বাংলা এলাকায় ধসে যাওয়া সড়কটির পাশে নতুন বিকল্প সড়ক তৈরির পর বান্দরবান-থানচি সড়ক খুলে দেয়া হয়। সেনাবাহিনীর প্রকৌশল বিভাগের ২০ ইসিবি সড়কটির মেরামতের কাজ করছে।

সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ ২০ ইসিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসিফ আহমেদ তানজিল সাংবাদিকদের জানিয়েছেন, প্রবল বর্ষণের কারণে থানচি সড়কে ধসে যাওয়া ২২০ মিটার জায়গা পাইলট কাট করে বিকল্প সড়ক নির্মাণ করা হয়েছে। এছাড়া সড়কটির বিভিন্ন জায়গায় সংস্কার করা হয়েছে। শুকনো মৌসুমে সড়কটিতে আরো সংস্কারকাজ করা হবে বলে জানান তিনি।

এদিকে ক্ষতিগ্রস্ত বান্দরবান-রুমা সড়ক মেরামতের পাশাপাশি সড়কটিতে হালকা যান চলাচল করছে। 

সড়ক ও জনপথ বিভাগ বান্দরবানের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ ফারহান বণিক বার্তাকে বলেন, ‘প্রবল বর্ষণে বান্দরবান-থানচি সড়কের পোড়া বাংলা এলাকায় ধসে পড়া অংশে গতকাল দুপুরে হ্যারিং বোন বন্ডের (এইচবিবি) কাজ শেষ হয়েছে। রুমা সড়কের ধসে পড়া স্থানগুলোয়ও এইচবিবির কাজ চলছে। পাশাপাশি হালকা যানও চলাচল করছে। অল্প কয়েকদিনের মধ্যে সড়কটিতে চলমান এইচবিবির কাজ সম্পন্ন হবে বলে ইসিবি জানিয়েছে।’ প্রবল বর্ষণে সড়কপথ বিচ্ছিন্ন হওয়ায় বিকল্প হিসেবে নৌপথে চলাচল করে আসছিল রুমা ও থানচি উপজেলাবাসী। সড়কপথ চালু হওয়ায় দুই উপজেলাবাসীর কষ্ট কমবে বলেও জানান প্রকৌশলী মোহাম্মদ ফারহান।