চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁ থেকে কুরিয়ার সার্ভিসে একই খরচে রাজধানী ঢাকায় আম পরিবহনের প্রস্তাব দেয়া হয়েছে। এ বিষয়ে তিন জেলার জেলা প্রশাসক একমত হয়েছেন। এ নিয়ে কুরিয়ার সার্ভিসগুলোকে সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। প্রাথমিকভাবে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁ থেকে ১০ টাকা কেজি দরে আম পরিবহনের প্রস্তাব করা হয়েছে।
গতকাল সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আম পরিবহনসংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এ উদ্যোগের কথা জানান চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
জেলা প্রশাসক বলেন, ‘আগামী ২০ মে থেকে চালু হচ্ছে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। এবার এ ট্রেনে নয়টি করে ওয়াগন থাকবে। এছাড়া কুরিয়ার সার্ভিস বা অন্য পরিবহনে বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে। কুরিয়ার বা অন্য পরিবহনে আম পাঠানোর সময় জেলা থেকে যাতে অবৈধ কোনো কিছু যেতে না পারে, তা নিশ্চিত করতে সব আম ব্যবসায়ী ও পরিবহন মালিক-শ্রমিকদের সহযোগিতা প্রয়োজন। এছাড়া আম পরিবহন করা যানবাহনে অবশ্যই একটি স্টিকার থাকবে, যাতে লেখা থাকবে, আম পরিবহনকারী যান। এছাড়া অপরিপক্ব আম পেড়ে বাজারজাত করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক পাপিয়া সুলতানা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মাসুদ আহমেদ, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাসুম আলী, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল হক, আমচাষী ও বিভিন্ন কুরিয়ার সার্ভিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।










